যুক্তরাষ্ট্রে শিশুদের নাগরিকত্বে নতুন শর্তের প্রস্তাব
যুক্তরাষ্ট্রে শিশুদের পাসপোর্টের আবেদন করার সময় বাবা-মাকে নিজেদের নাগরিকত্ব বা অভিবাসন অবস্থার প্রমাণ দিতে বাধ্য করার প্রস্তাব করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার সর্বশেষ প্রচেষ্টার অংশ হিসেবে এ প্রস্তাব করা হয়েছে।
রয়টার্সের পর্যালোচনা করা খসড়া নির্দেশিকাটি ট্রাম্পের ৬ আগস্টের নির্বাহী আদেশ বাস্তবায়নের বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের প্রথম বিস্তারিত নির্দেশনা। এতে ‘বার্থ ট্যুরিজম’ ঠেকানো এবং জন্মসূত্রে নাগরিকত্বের ক্ষেত্রে কিছু ঐতিহাসিক ব্যতিক্রমের পরিধি বাড়ানোর কথা বলা হয়েছে।
প্রস্তাবটি বাস্তবায়িত হলে সন্তানদের পাসপোর্টের আবেদন করার সময় বাবা-মা বা আইনগত অভিভাবকদের বৈধ মার্কিন পাসপোর্ট, জন্মসনদ, আই-৯৪ ফর্ম বা বৈধ স্থায়ী বাসিন্দার কার্ডের মতো নথি জমা দিতে হবে। এসব তথ্যের ভিত্তিতে সরকার নির্ধারণ করবে, নতুন নির্বাহী আদেশের অধীনে শিশুটি নাগরিকত্ব পাওয়ার যোগ্য কি না।
নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো শিশুর বাবা বা মা যুক্তরাষ্ট্রে বিদেশি সরকারের হয়ে কাজ করলে, নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে প্রতারণা বা বাণিজ্যিক লেনদায়ে যুক্ত থাকলে কিংবা ‘এলিয়েন এনেমি’ হিসেবে শ্রেণিবদ্ধ হলে শিশুটির নাগরিকত্ব আটকে দেওয়া হতে পারে।
এর আগে ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নির্বাহী আদেশকে ৬-৩ ভোটে বেআইনি ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। আদালত বলেছিল, ওই আদেশ সংবিধানের ১৪তম সংশোধনীর নাগরিকত্ব ধারার লঙ্ঘন করেছে।
তবে ট্রাম্পের সর্বশেষ আদেশও আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। মেরিল্যান্ডের ফেডারেল জেলা বিচারক ডেবোরাহ বোর্ডম্যান আদেশটিকে ‘নজিরবিহীন’ বলে সংশয় প্রকাশ করেছেন।
সূত্র: রয়টার্স







