নীলফামারীতে সাজানো হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: বিচার ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
নীলফামারীতে সাজানো হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: বিচার ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
নীলফামারীতে স্বাভাবিক মৃত্যুকে মিথ্যা হত্যা মামলায় রূপান্তর করে নিরীহ পরিবারকে হয়রানি ও জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সিরাজ উদ দৌলা চৌধুরী মুহাম্মদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিরাজ উদ দৌলা জানান, গত ২৯ জুন ২০২৬ তারিখে ঈদুল আজহার পরদিন তাঁর চাচ্চাতো ভাই কাইয়ুম চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু উক্ত মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক বিরোধ ও জমিজমার শত্রুতার জেরে সিরাজ উদ দৌলা ও তাঁর পরিবারকে অভিযুক্ত করে নীলফামারী থানায় (মামলা নং ৪২/২০১-জি আর ২০১/২০২৬) একটি মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়।
অভিযোগকারী দাবি করেন, স্থানীয় পুলিশ ও প্রভাবশালী একটি চক্রের সহায়তায় এই মৃত্যুকে ‘হত্যা’ হিসেবে চালিয়ে দিয়ে তাঁদের প্রায় ১২ বিঘা জমি বেআইনিভাবে দখলের অপচেষ্টা চলছে। এর আগেও তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়দের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে উচ্চ আদালত থেকে আগাম জামিনে থাকা অবস্থায়ও মামলাটি দিয়ে তাঁদের পরিবারকে প্রতিনিয়ত হুমকি ও চাপে রাখা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে মামলাটির প্রকৃত রহস্য উন্মোচন ও মূল অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (PBI) অথবা সিআইডি (CID)-এর মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি সরকারের নীতিপ্রণেতা, বিচার বিভাগ এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর নজর আকর্ষণ করে ন্যায়বিচার এবং তাঁর পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর আকুতি জানান।







