ইরানের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত ট্রাম্পের
ইরানের সঙ্গে আবারও আলোচনায় বসার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
হোয়াইট হাউসের সাউথ লনে সর্বশেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে বর্তমান পরিস্থিতি ‘খুবই ভালো’। যুক্তরাষ্ট্র আবার আলোচনায় বসবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, আলোচনা হয়তো আবার শুরু হতে পারে।
তার কথায়, ‘হয়তো কোনো এক সময় আলোচনা শুরু হবে। তবে এই মুহূর্তে আমি মনে করি, পরিস্থিতি খুবই ভালো।’
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজের অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি। ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের পরিকল্পনা পুরোপুরি ছাড়তে হবে।
তার ভাষায়, ‘দেখুন, ব্যাপারটা খুব সহজ, তাদের পারমাণবিক অস্ত্র পুরোপুরি বাদ দিতে হবে। ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। জানেন কেন? কারণ তারা এটা ব্যবহার করবে। আর আমরা চাই না তারা এটা ব্যবহার করুক। তাই ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, এবং তারা তা রাখবেও না’। তিনি আরও বলেন।
এ সময় ট্রাম্প আবারও দাবি করেছেন, হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের ‘দখলে’ এবং এই গুরুত্বপূর্ণ নৌপথ এখন পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের কারণে জাহাজ চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান ট্রাম্প। বলেন, তারা মাঝে মাঝে ড্রোন হামলা চালায়। ‘সবাই যেতে পারছে না’।
নিয়ন্ত্রণে রাখার তথ্য জানাল সেন্টকম
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করছে, ইরানের ওপর ঘোষিত নৌ-অবরোধ অত্যন্ত কড়াকড়িভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ১৯ আগস্ট পর্যন্ত অবরুদ্ধ এলাকা এড়িয়ে চলতে ৬৫টি বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তন করে দিয়েছে মার্কিন বাহিনী।
এর পাশাপাশি নিয়ম না মানায় তিনটি জাহাজকে সম্পূর্ণ অচল করে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যের সন্দেহে আরও দুটি জাহাজে উঠে সরাসরি তল্লাশি চালানো হয়েছে। আঞ্চলিক জলসীমায় দায়িত্বপ্রাপ্ত গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস জন পল জোন্স’-এর প্রহরার ছবি প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সামরিক কমান্ড।
সূত্র: গালফ নিউজ, সিএনএন







