‘গ্রামীণ অবসর’-এর ৮ম সংখ্যার প্রকাশনা অনুষ্ঠিত অবসরপ্রাপ্তদের পুনঃপেনশন ও ভাতা দ্রুত বাস্তবায়নের দাবি
গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতির নিউজ লেটার ‘গ্রামীণ অবসর’-এর ৮ম সংখ্যার প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পুনঃপেনশন ও বিভিন্ন ভাতা প্রদানের বিষয়ে হাইকোর্টের রায় এখনও বাস্তবায়ন না হওয়ায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। তারা অবিলম্বে আদালতের রায় বাস্তবায়নের পাশাপাশি অবসরপ্রাপ্তদের ন্যায্য পাওনা পরিশোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
সমিতির সভাপতি কে এম শহীদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সহ-সভাপতি মো. হাবিবুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে সমিতির উপদেষ্টা এ কে এম গোলাম মাওলা এবং মহাসচিব মো. সিদ্দিকুর রহমান শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে সমিতির সদস্য ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আবু নোমান মো. বজলুর রহমান, মো. হায়দার আলী, মো. আবুল খায়ের, আবদুর রশিদ খান, শরীফ মোহাম্মদ, জগদীশ ভঞ্জ, সৈয়দ মো. এনাম উল্লাহ, প্রদীপ্ত শাহীন ও সুভাশিষ ভৌমিকসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংকের প্রায় ১৪ হাজার কর্মকর্তা-কর্মচারীর পরিবার দীর্ঘদিন ধরে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। অবসরজীবনে এসে তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা না পাওয়া অত্যন্ত দুঃখজনক। এ পরিস্থিতির জন্য তারা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের উদাসীনতা ও দীর্ঘসূত্রতার কঠোর সমালোচনা করেন।
তারা বলেন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে এখন ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার সময় এসেছে। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের টালবাহানা আর মেনে নেওয়া হবে না। পুনঃপেনশন ও বিভিন্ন ভাতাদি দ্রুত প্রদান নিশ্চিত করতে সরকারের কার্যকর হস্তক্ষেপের পাশাপাশি সচেতন মহলের সহযোগিতাও কামনা করেন বক্তারা।
অনুষ্ঠানে ‘গ্রামীণ অবসর’ নিউজ লেটারের নিয়মিত প্রকাশনার ওপরও গুরুত্বারোপ করা হয়। বক্তারা নিউজ লেটারটির মানসম্মত প্রকাশনা, তথ্যবহুল প্রতিবেদন এবং গুরুত্বপূর্ণ লেখাগুলোর প্রশংসা করেন। তারা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সমস্যা, দাবি ও অধিকার তুলে ধরতে প্রকাশনাটির কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।







