বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়ের প্রলোভনে যৌন সম্পর্ক: প্রতারণা নাকি ধর্ষণ? রাজনৈতিক পুনর্জাগরণের বার্তা দিয়ে আত্মপ্রকাশের ঘোষণা: ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ প্রথম শ্রেণির শিক্ষার্থী ভর্তিতে লটারি চালুর সিদ্ধান্তকে অভিনন্দন!! রাজনৈতিক পুনর্জাগরণের বার্তা দিয়ে আত্মপ্রকাশের ঘোষণা: ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর কটুক্তির প্রতিবাদে-নিউমার্কেট থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা ৫ই আগস্ট: রক্তে লেখা ট্র্যাজেডি ও পুলিশের আত্মত্যাগ : কবি মোঃ আব্দুল্লাহ আল মামুন লাভলু বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কেন্দ্রীয় সভাপতি  ইন্জিনিয়ার ইশরাক হোসেন পাহাড়ে অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজ দমনের দাবি ! আগস্টের রক্তাক্ত ইতিহাস: শোকের মহাসমুদ্র ও অশ্রুঝরা ট্র্যাজেডি : কবি মোঃ আব্দুল্লাহ আল মামুন লাভলু

বিয়ের প্রলোভনে যৌন সম্পর্ক: প্রতারণা নাকি ধর্ষণ?

প্রফেসর ড. আসিফ মিজান / ৩ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

প্রফেসর ড. আসিফ মিজান, উপাচার্য, দারু সালাম বিশ্ববিদ্যালয় (সোমালিয়া) এবং আইন, মানবাধিকার ও আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক।

আধুনিক দেওয়ানি ও ফৌজদারি আইনশাস্ত্রের অন্যতম জটিল এবং সংবেদনশীল বিতর্কটি আবর্তিত হচ্ছে ‘স্বাধীন সম্মতি’ (Autonomous Consent), ‘প্রতারণা’ (Deception/Cheating) এবং ‘ধর্ষণ’ (Rape)-এর পারস্পরিক সীমারেখাকে কেন্দ্র করে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিচারিক আঙিনা ও সামাজিক আলোচনায় একটি বিশেষ প্রবণতা দৃষ্টিগোচর হচ্ছে—পারস্পরিক সম্মতিতে গড়ে ওঠা দীর্ঘমেয়াদি শারীরিক সম্পর্ক পরবর্তীতে কোনো কারণে পরিণয়ে রূপ না নিলে, তাকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’ (Rape under the pretext of marriage) হিসেবে মামলাভুক্ত করা হচ্ছে। একজন শিক্ষক এবং আইন, রাজনীতি ও মানবাধিকার বিশ্লেষক হিসেবে এই ধারা আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। আমাদের উপলব্ধি করতে হবে যে, সম্মতিমূলক শারীরিক সম্পর্কের পর প্রতিশ্রুতি রক্ষা করতে না পারা সামাজিক বা নৈতিকভাবে ‘বিশ্বাসভঙ্গ’ কিংবা দেওয়ানি ‘প্রতারণা’ হতে পারে; কিন্তু আইনি ও সংজ্ঞাগতভাবে তাকে কোনোভাবেই ‘ধর্ষণ’ বা ‘ফৌজদারি বলপ্রয়োগ’ আখ্যা দেওয়া যায় না।

আইনতাত্ত্বিক সংকট ও আইনি সংস্কৃতির প্রেক্ষাপটঃ
বাংলাদেশের প্রচলিত দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৭৫ ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০)-এর ৯ ধারায় ধর্ষণের যে অপরাধতাত্ত্বিক সংজ্ঞা দেওয়া হয়েছে, তার মূল ভিত্তি হলো—বলের ব্যবহার (Actus Reus), সুনির্দিষ্ট অপরাধমূলক মানসিক উদ্দেশ্য (Mens Rea), আকস্মিক জবরদস্তি এবং কার্যকর ‘সম্মতি’র অনুপস্থিতি। এই ধারার সাথে দণ্ডবিধির ৯০ ধারায় বর্ণিত ‘তথ্যের বিভ্রান্তি’ (Misconception of Fact)-কে যুক্ত করে এতদিন একটি সংজ্ঞাগত অস্পষ্টতা তৈরি রাখা হয়েছে। যুক্তি দেওয়া হয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যে সম্মতি নেওয়া হয়েছে, তা আইনি দৃষ্টিতে ‘অকার্যকর’ বা ‘বাতিলেযোগ্য’।

তবে সাম্প্রতিক বৈশ্বিক আইন সংস্কার এবং জুরিসপ্রুডেন্সিয়াল ডকট্রিনগুলোতে (Legal Doctrines) এটি স্পষ্টভাবে প্রতিষ্ঠিত যে, সম্পর্ক শুরুর প্রথম দিন থেকেই ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে রচিত ‘মিথ্যা প্রতিশ্রুতি’ (False Promise/Intentional Deception) এবং আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও সামাজিক, পারিবারিক বা অর্থনৈতিক পরিস্থিতির কারণে রক্ষা করতে না পারা ‘ভঙ্গ হওয়া প্রতিশ্রুতি’ (Breach of Promise)-এর মধ্যে গভীর গুণগত তফাত রয়েছে। জন লকের ‘সামাজিক চুক্তি তত্ত্ব’ (Social Contract Theory) এবং জন স্টুয়ার্ট মিলের ‘ক্ষতি তত্ত্ব’ (Harm Principle) অনুযায়ী, রাষ্ট্র কেবল তখনই নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতার ওপর ফৌজদারি দণ্ড আরোপ করতে পারে, যখন সেখানে তাৎক্ষণিক বলপ্রয়োগ বা সুস্পষ্ট জবরদস্তি বিদ্যমান থাকে। দীর্ঘমেয়াদি সম্পর্কের ভিত্তিতে স্বাধীনভাবে প্রদত্ত সম্মতিকে পরবর্তী ঘটনার প্রেক্ষিতে পেছনের দিকে গিয়ে (Retrospective effect) বাতিল ঘোষণা করা আইনশাস্ত্রের ‘নিশ্চয়তা নীতি’র (Principle of Legal Certainty) পরিপন্থী।

লিঙ্গীয় সমতা বনাম ‘সেক্স-বায়েসড’ আইনি কাঠামোঃ
এই বিতর্কের সবচেয়ে বড় আইনি ও তাত্ত্বিক সংকটটি দেখা দেয় যখন আমরা আইনের নিরপেক্ষতা ও লিঙ্গ-সমতার প্রশ্নটি উত্থাপন করি। সমকালীন আইনশাস্ত্রে ‘সেক্স-বায়েসড আইন’ (Sex-Biased Legislation) বলতে এমন আইনি কাঠামোকে বোঝায়, যা অপরাধের বস্তুনিষ্ঠ উপাদান মূল্যায়নের চেয়ে পক্ষগণের লিঙ্গীয় পরিচয়ের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করে।

যদি তত্ত্বগতভাবে ধরে নেওয়া হয় যে, বিয়ের প্রতিশ্রুতির কারণে একজন প্রাপ্তবয়স্ক নারী তার স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার যৌক্তিক ক্ষমতা (Cognitive Agency) হারিয়ে ফেলেন, তবে তা প্রকারান্তরে নারীর বুদ্ধিমত্তা ও নিজস্ব স্বত্বাকে অবমূল্যায়ন করে—যা আধুনিক নারীবাদের (Modern Feminism) মূল দর্শনের সাথেও সাংঘর্ষিক। আরও বড় আইনি প্রশ্ন হলো: পারস্পরিক সম্মতির ভিত্তিতে সম্পর্ক গড়ার পর কোনো নারী যদি প্রতিশ্রুত বিয়ে সম্পন্ন করতে অস্বীকার করেন, তবে সংক্ষুব্ধ পুরুষ কি আইনত নিজেকে ‘ধর্ষিত’ দাবি করে প্রতিকার পেতে পারেন? প্রচলিত আইনে সে সুযোগ নেই। সম্মতি এবং প্রতিশ্রুতি ভাঙার দায় যদি কেবল একপক্ষের ওপর চাপানো হয়, তবে তা সংবিধানপ্রদত্ত সমতার নীতির (Equality before Law) চরম লঙ্ঘন। পারস্পরিক সম্মতিমূলক সম্পর্কের পর যিনিই ওয়াদা ভঙ্গ করুন না কেন, সেখানে বাহ্যিক বলপ্রয়োগ না থাকায় তা কোনোভাবেই ফৌজদারি অপরাধ হতে পারে না।

সাংবিধানিক অধিকার ও ধর্ষণের সংজ্ঞার লঘুকরণঃ
বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ প্রত্যেক নাগরিকের আইনের আশ্রয় লাভের এবং ব্যক্তিগত স্বাধীনতার (Right to Liberty) মৌলিক নিশ্চয়তা দেয়। যখন দুজন প্রাপ্তবয়স্ক মানুষ সম্পূর্ণ নিজস্ব পছন্দে ও পারস্পরিক সম্মতিতে একটি ব্যক্তিগত সম্পর্কে জড়ান, তখন তা তাদের সাংবিধানিক স্বাধীনতারই অনুষঙ্গ। পরবর্তীতে পরিণয় ঘটেনি বলে এই পারস্পরিক সম্পর্ককে ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করলে তা নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতার ওপর রাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপকে (State Paternalism) প্ররোচিত করে।

সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, ‘ধর্ষণ’ শব্দটির এমন শিথিল ও উদ্দেশ্যপ্রণোদিত ব্যবহার প্রকৃত ধর্ষণের শিকার নারীদের কঠিন আইনি লড়াইকে চরমভাবে লঘু করে দেয়। একজন প্রকৃত ভুক্তভোগী যে জঘন্য ট্রমা এবং শারীরিক-মানসিক নির্যাতনের মধ্য দিয়ে যান, তার সাথে স্বেচ্ছায় দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিয়ে না হওয়ার সামাজিক ক্ষোভকে এক করে ফেলা মানবাধিকারের মূল দর্শনের পরিপন্থী। ধর্ষণের মতো একটি গুরুতর অপরাধের সংজ্ঞাকে এভাবে প্রসারিত করলে বিচারালয়ের অমূল্য সময় নষ্ট হয় এবং প্রকৃত অপরাধীদের আড়াল হওয়ার আইনি ফাঁক তৈরি হয়।

যৌক্তিক প্রতিশ্রুতি ভঙ্গ বনাম অপরাধমূলক উদ্দেশ্য (Mens Rea)ঃ
মানুষের জীবন ও সামাজিক সম্পর্ক কোনো একক সরলরেখায় চলে না। একটি দীর্ঘ সম্পর্কের পর সামাজিক জটিলতা, পারিবারিক অসম্মতি, অর্থনৈতিক সংকট, মনস্তাত্ত্বিক দূরত্ব কিংবা জাত-ধর্মের ভিন্নতার কারণে পরিণয়ের প্রতিশ্রুতি রক্ষা করা অসম্ভব হয়ে পড়তেই পারে। জীবন ও সমাজের এই বাস্তব রূপান্তরকে আইনত ‘অপরাধমূলক মানসিক উদ্দেশ্য’ বলা চলে না।

ফৌজি আইনে কাউকে অপরাধী সাব্যস্ত করতে হলে প্রাথমিক থেকেই তার অপরাধমূলক মানসিকতা প্রমাণ করা আবশ্যক। সম্পর্ক শুরুর প্রথম দিন থেকেই যদি কারো উদ্দেশ্য থাকে যে সে কেবল শারীরিক সম্পর্কের স্বার্থেই মিথ্যা নাটক সাজাচ্ছে—তবেই কেবল তা প্রতারণার (দণ্ডবিধির ৪১৭ বা ৪২০ ধারা) আওতায় বিচার্য হতে পারে। কিন্তু সম্পর্কে থাকাকালীন পরিণয়ের সদিচ্ছা থাকা সত্ত্বেও পরিবর্তিত পরিস্থিতির কারণে তা সম্ভব না হলে, তাকে কোনোভাবেই ‘ধর্ষক’ বলা চলে না।

আন্তর্জাতিক বিচারিক দৃষ্টিভঙ্গি ও দূরদর্শী পথরেখাঃ
বিশ্বের আধুনিক আইনি ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদগুলো সম্মতিমূলক সম্পর্ক ও বলপ্রয়োগের মধ্যে স্পষ্ট বিভাজন রেখা টানে। ভারতের সুপ্রিম কোর্ট অনুরাগ সোনি বনাম ছত্তিশগড় রাজ্য এবং প্রমোদ সূর্যভানু পাওয়ার বনাম মহারাষ্ট্র রাজ্য মামলায় ঐতিহাসিক পর্যবেক্ষণে উল্লেখ করেছেন—

“সব প্রতিশ্রুতি ভঙ্গই ধর্ষণ নয়; শারীরিক সম্পর্কের উদ্দেশ্যে দেওয়া ‘মিথ্যা প্রতিশ্রুতি’ এবং পরিস্থিতির শিকার হয়ে ‘ভঙ্গ হওয়া প্রতিশ্রুতি’র মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে।”

পশ্চিমা আইনশাস্ত্রেও সম্মতিমূলক সম্পর্কের পর প্রতিশ্রুতি ভঙ্গকে একটি দেওয়ানি চুক্তিভঙ্গ বা বড়জোর সাধারণ প্রতারণা হিসেবে দেখা হয়, কখনোই একে ফৌজদারি জবরদস্তির সমতুল্য করা হয় না।

সম্পর্কের ধরণ >আইনি শ্রেণীকরণ >প্রযোজ্য আইনি নীতি / ধারাঃ
> বলপ্রয়োগ বা জবরদস্তিমূলক সম্পর্ক:
ফৌজদারি অপরাধ (ধর্ষণ) দণ্ডবিধি ৩৭৫ / নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯ ধারা
> শুরু থেকেই প্রতারণার উদ্দেশ্যে মিথ্যা প্রতিশ্রুতি:
দেওয়ানি/লঘু ফৌজদারি প্রতারণা দণ্ডবিধি ৪১৭ / ৪২০ ধারা
>পরিস্থিতিগত কারণে ভঙ্গ হওয়া প্রতিশ্রুতি:
সাধারণ চুক্তিভঙ্গ / নৈতিক স্খলন দেওয়ানি প্রতিকার (Civil Redress)

আইনি রূপরেখা ও উপসংহারঃ
প্রতিশ্রুতি ভঙ্গ নিঃসন্দেহে একটি সামাজিক বিশ্বাসভঙ্গ ও নৈতিক স্খলন। এর জন্য নির্দিষ্ট দেওয়ানি বা লঘু ফৌজদারি প্রতিকার নিশ্চিত করা যেতে পারে। কিন্তু তাকে ‘ধর্ষণ’-এর মতো একটি চরম ও জঘন্য অপরাধের মোড়কে সাজানো বিচারিক সংস্কৃতির একটি বড় বিচ্যুতি।

আইনের উদ্দেশ্য হওয়া উচিত ন্যায়বিচার প্রতিষ্ঠা করা—কোনো পক্ষকে সামাজিক বা মানসিক প্রতিহিংসার হাতিয়ার তুলে দেওয়া নয়। প্রকৃত ধর্ষণের ভয়াবহতাকে অক্ষুণ্ন রাখতে এবং দেশের প্রতিটি নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতা, মানবাধিকার ও আইনি সমতা বজায় রাখতে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’ নামক এই সংজ্ঞাগত ধারণার জরুরি পুনর্বিবেচনা এবং লিঙ্গ-নিরপেক্ষ আইনি সংস্কার এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives