বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে স্টিল শিল্প মালিকদের সংবাদ সম্মেলন
বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে স্টিল শিল্প মালিকদের সংবাদ সম্মেলন
বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় দেশের স্টিল শিল্প চরম সংকটের মুখে পড়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ)। এ পরিস্থিতিতে বিদ্যুতের নতুন মূল্যহার পুনর্বিবেচনা ও প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বিএসএমএ নেতৃবৃন্দ বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে স্টিল শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ খাতে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তবে দীর্ঘদিনের মন্দা, উচ্চ সুদের হার, ডলারের সংকট, গ্যাস সরবরাহ সমস্যা এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে শিল্পখাত ইতোমধ্যে চাপে রয়েছে।
তারা জানান, বর্তমানে দেশে প্রায় ৪০টি আধুনিক স্টিল মিল ও ১৫০টির বেশি রি-রোলিং মিল পরিচালিত হচ্ছে। উৎপাদন সক্ষমতা বছরে প্রায় ১২ মিলিয়ন মেট্রিক টন হলেও চাহিদা কমে যাওয়ায় অধিকাংশ কারখানা অর্ধেকেরও কম সক্ষমতায় চলছে। এর মধ্যে বিদ্যুতের নতুন মূল্যবৃদ্ধির ফলে প্রতি মেট্রিক টন স্টিল উৎপাদনে অতিরিক্ত ব্যয় প্রায় ১,৭৮৫ টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। ভ্যাট, ফুয়েল সারচার্জ, হুইলিং চার্জ ও অন্যান্য ব্যয় যুক্ত হলে অতিরিক্ত খরচ দাঁড়াতে পারে প্রায় ৩,৫৬০ টাকা।

বিএসএমএ নেতারা বলেন, স্টিল শিল্প দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পখাত হিসেবে কর্মসংস্থান, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, বিনিয়োগ নিরুৎসাহিত হবে এবং কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এবং নীতিনির্ধারকদের প্রতি বিদ্যুতের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শিল্পখাতকে টিকিয়ে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিএসএমএ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে হলে উৎপাদনমুখী শিল্পের জন্য সহনীয় বিদ্যুৎ মূল্য নিশ্চিত করা জরুরি।







