‘জনগণের সেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’-দীপেন দেওয়ান
সরকারি সেবার মান যাচাই ও সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাঙ্গামাটি আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং রাঙ্গামাটি পৌরসভা পরিদর্শন করেছেন ২৯৯ নং সংসদীয় আসন (রাঙ্গামাটি) থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান।
আজ বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই দপ্তর দুটি পরিদর্শনে যান সংসদ সদস্য। এ সময় তিনি দপ্তরগুলোর সার্বিক প্রশাসনিক কর্মকাণ্ড, ফাইল নিষ্পত্তির গতি এবং সেবাগ্রহীতাদের সার্বিক সুযোগ-সুবিধা তদারকি করেন। পরে তিনি কার্যালয়গুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
পরিদর্শনকালে এমপি দীপেন দেওয়ান বলেন, “বর্তমান সরকার একটি জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যেন কোনো নাগরিক সরকারি দপ্তরে এসে হয়রানির শিকার না হন। সরকারের বিভিন্ন কর্মসূচির সুফল প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং প্রতিটি নাগরিকের দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে আমরা তাঁর নেতৃত্বেই নিরলস কাজ করে যাচ্ছি।”
তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে সরকারি পরিষেবা সহজীকরণ এবং সময়মতো সেবা হস্তান্তরের তাগিদ দেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টোসহ স্থানীয় বিএনপি নেতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে সংসদ সদস্য কেবল কর্মকর্তাদের সঙ্গেই কথা বলেননি, বরং পাসপোর্ট অফিস ও পৌরসভায় সেবা নিতে আসা সাধারণ মানুষের মাঝে গিয়ে উপস্থিত হন। তাঁদের সঙ্গে কথা বলে দাপ্তরিক কোনো ভোগান্তি কিংবা দালাল চক্রের উৎপাত রয়েছে কি না—সে বিষয়ে সরাসরি খোঁজখবর নেন। এ সময় সংসদ সদস্যের সরাসরি তদারকি ও তড়িৎ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত সাধারণ সেবাগ্রহীতারা।







